সোমবার ● ৪ মে ২০২৬
মেহেন্দিগঞ্জে নিষিদ্ধ চরঘেরা জালে মাছ শিকার, হুমকির মুখে মৎস্য সম্পদ
হোম » জেলে-মৎস্য » মেহেন্দিগঞ্জে নিষিদ্ধ চরঘেরা জালে মাছ শিকার, হুমকির মুখে মৎস্য সম্পদ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে নিষিদ্ধ চরঘেরা জাল (বেড় জাল) ব্যবহার করে প্রকাশ্যে মাছ শিকারের অভিযোগ উঠেছে। প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে বলে স্থানীয়দের দাবি। এতে নদী ও খালের মৎস্য সম্পদ এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সোমবার সন্ধ্যায় জোয়ারের সময় উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আলাউদ্দীন খালের মাথা এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে চরঘেরা জাল পেতে রাখা হয়েছে। এতে ছোট-বড় সব ধরনের মাছ ও মাছের পোনা আটকা পড়ে ধ্বংস হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বৈধ জাল ব্যবহারকারী জেলেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই নিষিদ্ধ জাল ব্যবহার করছে। এতে নদীর স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে মাছের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আলাউদ্দীন খালের মুখ ও খেয়াঘাট সংলগ্ন এলাকায় জাল পেতে রাখায় নৌ-চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে স্থানীয় মানুষ ও জেলেদের ভোগান্তি ক্রমান্বয়ে বাড়ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অবৈধ জাল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ২১:২৬:৪৫ ● ২৬ বার পঠিত
