সোমবার ● ৪ মে ২০২৬
তালতলীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় দুই শিক্ষার্থী
হোম » শিক্ষা » তালতলীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় দুই শিক্ষার্থী

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-২০২৬ পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুই শিক্ষার্থীর ফলাফল ও শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবার (৩ মে) গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা যায়।
তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পূর্ব সওদাগরপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে মোছাম্মৎ নাইমা তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে তালতলী কেন্দ্রের ৪ নম্বর হলে পরীক্ষা দিচ্ছিলেন। তার অভিযোগ, পরীক্ষা শুরুর সময় অন্য শিক্ষার্থীরা প্রশ্নপত্র পেলেও তাকে তাৎক্ষণিক প্রশ্ন দেওয়া হয়নি। প্রায় পাঁচ মিনিট পর দায়িত্বরত এক শিক্ষক অন্য হল থেকে একটি প্রশ্নপত্র এনে দেন। পরে বাড়িতে গিয়ে সিলেবাস মিলিয়ে তিনি জানতে পারেন, তাকে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার পরিবর্তে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
নাইমা বলেন, প্রশ্নপত্র দেরিতে পাওয়ায় অতিরিক্ত সময় দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে প্রশ্নটি ভুল সিলেবাসের হওয়ায় তিনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি।
তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, নাইমা তাদের বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী। তাকে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। একই সঙ্গে আরেক শিক্ষার্থী জান্নাতির নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে কেন্দ্রের হল সচিব মাওলানা শফিকুল ইসলাম বলেন, নাইমাকে অনিয়মিত প্রশ্ন দেওয়া হয়েছে- এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসন ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ টিপু সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রককে বিষয়টি অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষার পর ওই রাতে অভিযোগ পাওয়া গেছে। এরপর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ও ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে কথা বলেছি, সংশ্লিষ্ট শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রয়োজনীয় আবেদন বোর্ডে পাঠানোর জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৬:১৯ ● ৩৪ বার পঠিত
