শনিবার ● ২ মে ২০২৬
আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ৩৯৭ জন
হোম » বরগুনা » আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ৩৯৭ জন
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও কৃষি উন্নয়নের লক্ষ্যে দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার কুকুয়া ও হলদিয়া ইউনিয়নে এ প্রকল্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গত ৮ এপ্রিল উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ দুটি প্রকল্পে মোট ৩৯৭ জন হতদরিদ্র উপকারভোগী কাজ করবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন কমিটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাত মো. হাসনাইন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুম, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে কর্মসংস্থানের পাশাপাশি দুই ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন। তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩২ ● ২৯ বার পঠিত
