রবিবার ● ৩ মে ২০২৬
বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি নারী
হোম » খুলনা » বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি নারী

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা নারীরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আরজিনা আজিম প্রামাণিক (৩১) এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তাহমিনা আক্তার ইতি (৩৫)। ইমিগ্রেশন সূত্র জানায়, দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে গিয়ে তারা মুম্বাইয়ে গৃহকর্মীর কাজ করতেন।
জানা গেছে, আরজিনা প্রামাণিক ২০২৪ সালের ডিসেম্বর মাসে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। পরে ২০২৫ সালের ২০ জুন মুম্বাই পুলিশ তাকে আটক করে একটি নারী সুরক্ষা কেন্দ্রে পাঠায়, যেখানে তিনি প্রায় ১১ মাস ছিলেন।
অন্যদিকে তাহমিনা আক্তার ইতি ২০২৪ সালের ২৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। একই বছরের সেপ্টেম্বর মাসে মুম্বাই পুলিশ তাকে আটক করে নারী সুরক্ষা কেন্দ্রে পাঠায়। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন।
ভারতের সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। উভয় দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে যশোরের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার দায়িত্ব নিয়েছে।
বাংলাদেশ সময়: ০:১২:৪৭ ● ৪০ বার পঠিত
