শনিবার ● ২ মে ২০২৬

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

হোম » লিড নিউজ » কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
শনিবার ● ২ মে ২০২৬


 

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৭) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জননী এবং কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। নিহত উর্মির বাবার বাড়ি বরগুনার আমতলী পৌর শহরে। আর তার স্বামী মহিবুর রহমান বাপ্পীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামে।

 

শনিবার (২ মে) ভোররাতে পৌরশহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বহুতল ভবনের তিনতলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরুন্নেছা উর্মি ২০২৫ সালের ১২ মে কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে যোগদান করেন। স্বামী মহিবুর রহমান বাপ্পী ও দুই সন্তানকে নিয়ে তিনি শহর সংলগ্ন ওই ভাড়া বাসায় বসবাস করতেন। মহিবুর রহমান বাপ্পী পুলিশের চাকরিচ্যুত সদস্য বলে জানা গেছে।

 

পুলিশকে দেওয়া প্রাথমিক তথ্যে স্বামী দাবি করেছেন, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উর্মি ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। রাত দেড়টার দিকে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহতের স্বজন ও স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টিই সামনে এসেছে।

বাংলাদেশ সময়: ১০:২৭:৩৫ ● ৭০ বার পঠিত