
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
দুই বছর ধরে আটকে থাকা ফাইলের জট অবশেষে কাটল বরিশাল সিটি করপোরেশনে। একযোগে ২০০টি ইমারতের নকশা অনুমোদন দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর শহীদ মিনার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব নকশা হস্তান্তর করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৪০ জন গ্রাহকের হাতে সরাসরি নকশা তুলে দেওয়া হয়। বাকিদের নকশা পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত জমা পড়া কয়েকশ আবেদন ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর নকশা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভবন নির্মাণে উদ্যোগী ব্যক্তিরা। অনেকের নির্মাণকাজ আটকে ছিল, কেউ ঋণের চাপেও পড়েছিলেন। অনুমোদন পাওয়ায় নতুন করে কাজ শুরু করার পরিকল্পনার কথা জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, নির্বাহী প্রকৌশলী মাকসুমুল হাকিম রেজা এবং স্থপতি মো. সাইদুর রহমান লুসানসহ করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, নকশা অনুমোদন প্রক্রিয়ায় গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতদিন ধরে জট জমার কারণ এবং ভবিষ্যতে এ ধরনের বিলম্ব এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে- তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রায় ৪০০টি আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।