দুমকিতে কালবৈশাখী ঝড়ে মুগ ডালসহ রবি ফসল তলিয়ে গেছে

হোম » কৃষি » দুমকিতে কালবৈশাখী ঝড়ে মুগ ডালসহ রবি ফসল তলিয়ে গেছে
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

দুমকিতে কালবৈশাখী ঝড়ে মুগ ডালসহ রবি ফসল তলিয়ে গেছে

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে কালবৈশাখী ঝড় ও টানা ভারি বৃষ্টিতে মুগ ডালসহ বিভিন্ন রবি ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পর টানা দুই দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় নিচু জমিতে পানি জমে যায়। এতে মুগ ডালের পাশাপাশি মরিচ, আলু, চিনাবাদামসহ অন্যান্য রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেতেই গাছ নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

উত্তর শ্রীরামপুর গ্রামের কৃষক গোলাম মস্তফা, আমির হোসেন মৃধা ও সোহরাব মৃধা সাগরকন্যাকে বলেন, মৌসুমের শুরুতে ভালো ফলনের আশায় মুগ ডালের আবাদ করেছিলেন। কেউ কেউ আংশিক ফসল তুলতে পারলেও অধিকাংশ ক্ষেতের ফসল এখনো তোলা হয়নি। হঠাৎ এই দুর্যোগে সেই আশা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত পানি না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

 

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে আছে। কৃষকরা নালা কেটে পানি নামানোর চেষ্টা করছেন। তবে স্লুইস গেট খোলা থাকায় বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি ঢুকে পড়ছে, ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

 

এ বিষয়ে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ