মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডা. মো. শাহিন

হোম » সর্বশেষ » মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডা. মো. শাহিন
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

মোংলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডা. মো. শাহিন

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও অবকাঠামোগত দিক থেকে ব্যাপক পরিবর্তন এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের সেবা ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

২০২২ সালের ১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর তিনি হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। এর ফলে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

 

৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ১২ জন চিকিৎসক ও ২৭ জন সেবিকা নিয়মিত দায়িত্ব পালন করছেন। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৫০০ থেকে ৬০০ জন এবং জরুরি বিভাগে ২০০ থেকে ৩০০ জন রোগী সেবা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়া ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে।

 

হাসপাতালের তথ্য সূত্রে জানা যায়, প্রতি মাসে অন্তঃবিভাগে সিজারসহ বিভিন্ন অস্ত্রোপচার ৩০ থেকে ৩৫টি এবং নরমাল ডেলিভারি ৪০ থেকে ৪৫টি সম্পন্ন হচ্ছে। সপ্তাহে তিন দিন আল্ট্রাসনোগ্রাম সেবা চালু থাকায় মাসে ২৫০টিরও বেশি পরীক্ষা করা হচ্ছে।

 

২০২৩ সালের জুন মাসে অপারেশন থিয়েটারের কার্যক্রম পুনরায় চালু করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার পরিচালিত হচ্ছে। এতে স্থানীয়দের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবার শৃঙ্খলা এবং রোগী ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি এসেছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়।

 

স্থানীয় রোগীরা জানান, আগের তুলনায় এখন ডাক্তার ও নার্সরা অনেক বেশি আন্তরিক ও মানসম্মত সেবা দিচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিন। হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং রোগী ও স্বজনদের জন্য সৃষ্ট উন্নত সুযোগ-সুবিধা এখন আগের চেয়ে অনেক ভালো।

 

ডা. মো. শাহিন বলেন, সীমিত জনবল নিয়েও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। চিকিৎসক ও কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান উন্নত হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালে ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়। পরবর্তীতে ২০০৭ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ