রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
বাউফলে এসএসসি পরীক্ষায় অসদুপায়: ৮ শিক্ষার্থী বহিষ্কার, ২ পরিদর্শককে অব্যাহতি
হোম » লিড নিউজ » বাউফলে এসএসসি পরীক্ষায় অসদুপায়: ৮ শিক্ষার্থী বহিষ্কার, ২ পরিদর্শককে অব্যাহতি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে পরীক্ষা চলাকালে বরিশাল শিক্ষা বোর্ডের ভ্রাম্যমান পরিদর্শন দল আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। পরিদর্শনকালে একই কক্ষে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৮ শিক্ষার্থীর অসদুপায় ধরা পড়ে।
এ ঘটনায় ওই কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শক শিরিন আক্তার ও শংকর চন্দ্র হালদারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তারা দুজনই উপজেলার হাজেরা তালুকদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কেন্দ্র সচিব মো. ইউসুফ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ পরিদর্শন দলের সদস্য এবং বরিশাল বিএম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে অসদুপায়ের বিষয়টি শনাক্ত হয়। পরে তাৎক্ষণিকভাবে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং সংশ্লিষ্ট দুই পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০:১৬:০৫ ● ২৩ বার পঠিত
