বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬

বাউফলে চুরির অভিযোগে যুবককে হাত বেঁধে চুল কেটে শাস্তি, ভিডিও ভাইরাল

হোম » পটুয়াখালী » বাউফলে চুরির অভিযোগে যুবককে হাত বেঁধে চুল কেটে শাস্তি, ভিডিও ভাইরাল
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

বাউফলে চুরির অভিযোগে যুবককে হাত বেঁধে চুল কেটে শাস্তি, ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় সোনার গহনা ও মোবাইল চুরির অভিযোগে সজিব মিয়া (২৫) নামে এক যুবককে হাত বেঁধে মাথার চুল কেটে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি সজিব মিয়াকে আটক করে একটি কাঠের চৌকির ওপর বসিয়ে হাত বেঁধে রাখে। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এ সময় তিনি কান্নাকাটি করছিলেন। ঘটনাস্থলে আশপাশের লোকজন ভিড় করে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করেন এবং নানা মন্তব্য করেন।

প্রায় দুই মিনিটের ওই ঘটনার ভিডিও একই দিন দুপুরে ‘কালাইয়া ফানি ভিডিও ২.০’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় ব্যবসায়ী মাইনুল ইসলাম বলেন, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি মাদক ব্যবসা ও চুরির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন।

তবে অভিযুক্ত সজিব মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে আসেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২২:১২ ● ৩৭ বার পঠিত