বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
গলাচিপায় কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা ঘিরে চাঞ্চল্য
হোম » রাজনীতি » গলাচিপায় কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা ঘিরে চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না’- এমন লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে বিষয়টি পোস্ট করেন। এ সময় কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি জিএম সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নিশাত বলেন, ‘বাংলাদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার ও চরমোনাইর সবাইকে মানুষ চেনে। কিন্তু ছাত্র শিবিরের দু-একজনকে ছাড়া আর কাউকে চেনে না। আমরা চাই সবাই ওপেনে রাজনীতি করুক, গুপ্ত রাজনীতি বন্ধ হোক।’
একই বিষয়ে জিএম সফিকুল ইসলাম জানান, ‘ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থেকে রাজনীতি করা যাবে না। যার যার রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে দিতে হবে।’
অন্যদিকে গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, ‘আমাদের বিরুদ্ধে “গুপ্ত” তকমা দেওয়া এবং ছাত্র শিবিরকে পাকিস্তানি বলা ছাত্রদলের অপরাজনীতির উদাহরণ। গলাচিপায় নিজেদের অবস্থান প্রমাণ করতেই তারা এসব করছে।’ এর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার দিয়ে লেখেন, ‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করলো ছাত্রদল।’
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘বিষয়টি এখনই জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশ সময়: ২১:১০:২৪ ● ২৪ বার পঠিত
