বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় তিন ইটভাটায় অভিযান, জরিমানা ৪ লাখ টাকা
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় তিন ইটভাটায় অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিলসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ‘দেশ ব্রিকস’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া, চিমনি ভেঙে ফেলা এবং ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ‘ভাই ভাই ব্রিকস’-কে ১ লাখ টাকা এবং ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৯ ● ৩৮ বার পঠিত
