মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
পাল্টা হামলায় আহত ২ গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
হোম » লিড নিউজ » পাল্টা হামলায় আহত ২ গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ৯টার দিকে বার্থী বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হামলায় মিন্টুসহ দুজন আহত হন।
বিক্ষুব্ধ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, মিন্টু দীর্ঘদিন ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। সরকারের পতনের পর এলাকায় ফিরে এসে তিনি বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে একক আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, তিনি ভিজিএফের স্লিপ বিতরণে অনিয়ম, টাকার বিনিময়ে জেলে কার্ডের চাল বিতরণ, গ্রাম্য সালিশে অর্থ আদায়, ইরি-বোরো ব্লকের নিয়ন্ত্রণ নেওয়া, যাত্রী ছাউনী দখল এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মে জড়িত।
এসব অভিযোগের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বার্থী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা মিন্টুর আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত দখলকৃত যাত্রী ছাউনিতে থাকা ১২টি চেয়ার ও একটি টেবিল ভাঙচুর করেন এবং কিছু ছবি নিয়ে যান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা রাকিব হাসান আলভী, যুবদল নেতা জুয়েল হাওলাদার, মনির ফকির, শহিদুল ফকির ও ছাত্রদল নেতা অভি কাজীসহ অন্যরা।
অন্যদিকে রাত ৯টার দিকে মিন্টু বার্থী বাজারে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে মিন্টুসহ বিএনপি কর্মী মজিবর বেপারী আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান মিন্টু বলেন, ‘আমি মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন মাদককারবারি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাতে (সোমবার) বাজারে গেলে জুয়েল হাওলাদারের নেতৃত্বে ৮-১২ জন অতর্কিতে আমার ওপর হামলা চালায়।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:১০:০১ ● ২২ বার পঠিত
