মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় ১০ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন, পরীক্ষার্থী ২৫৮৬
হোম » শিক্ষা » কলাপাড়ায় ১০ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন, পরীক্ষার্থী ২৫৮৬

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া (পটুয়াখালী) থেকে
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশের মতো পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার ১০টি কেন্দ্রে মোট ২ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬টি কেন্দ্রে মোট ১ হাজার ৫৭২ জন অংশ নিচ্ছে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা- খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৩৯১ জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৩২২ জন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ১৩৯ জন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় ৩১৩ জন, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় ১৭৩ জন এবং ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয় ২৩৪ জন।
এসএসসি ভোকেশনাল পরীক্ষায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
অন্যদিকে দাখিল (সমমান) পরীক্ষায় তিনটি কেন্দ্রে মোট ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা ৩১৯ জন, মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা ২৫৪ জন এবং নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২১৬ জন পরীক্ষার্থী রয়েছে।
কলাপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সমন্বয়কারী মো. মনিরুজ্জামান খান বিষয়টি সাগরকন্যাকে নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি বিধিবিধান অনুসারে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:১৮:৫৯ ● ৪৮ বার পঠিত
