রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ঘাতক বাস আটক ঘিরে উত্তেজনা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ

হোম » বরিশাল » গৌরনদীতে ঘাতক বাস আটক ঘিরে উত্তেজনা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে ঘাতক বাস আটক ঘিরে উত্তেজনা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের ঘটনায় ঘাতক বাস আটক করতে গিয়ে হাইওয়ে পুলিশের ওপর চড়াও হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে।

 

শনিবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউনুস সেরনিয়াবাত (৬০) আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় রাস্তা পারাপারের সময় বরিশালগামী ফেম পরিবহনের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ইউনুস সেরনিয়াবাত। পরে স্থানীয়ভাবে নিহতের পরিবারের সঙ্গে সমঝোতার মাধ্যমে বাসটি ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

 

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব হান্নান শরীফ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ করে পুলিশ। তার সঙ্গে থাকা ১৫ থেকে ২০ জন অনুসারী পুলিশকে ধাক্কাধাক্কি করে বলেও জানানো হয়।

 

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শরীফ উদ্দিন সাগরকন্যাকে বলেন, ‘বাসটি আটক করায় হান্নান শরীফ ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং আমাদের কাজে বাধা দেন। তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমঝোতার কথা জানালেও আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে উল্টো পুলিশের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন।’

 

তিনি আরও জানান, এ ঘটনায় হাইওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত হান্নান শরীফ ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১:৩০:১৩ ● ৪৭ বার পঠিত