শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
রামপাল বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী জাহাজ মোংলায়
হোম » জাতীয় » রামপাল বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী জাহাজ মোংলায়

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ইন্দোনেশিয়া থেকে ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে, যা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে।
শুক্রবার দুপুরে মার্শাল পতাকাবাহী জাহাজ ‘এমভি জিআর ইস্তাম্বুল’ বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। বিকেল থেকেই কয়লা খালাস শুরু হয়েছে। লাইটারেজ জাহাজের মাধ্যমে এসব কয়লা ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা লাগে, যার মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, ‘বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহে কোনো সমস্যা নেই।’
বাংলাদেশ সময়: ১৪:২৮:৫০ ● ২০৭ বার পঠিত
