শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই
হোম » লিড নিউজ » আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনার আমতলীতে শুরু হওয়া গণঅনশন দ্বিতীয় দিনেও কোনো সরকারি সাড়া না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৯৩.৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একটি বড় অংশ এখনো সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর এ সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ২০৫ কিলোমিটার সড়ক এখনো আগের মতোই রয়েছে, যা বর্তমান যানচাপ সামলাতে অপ্রতুল। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানীর ঘটনা বাড়ছে।
২০১৮ সালের অক্টোবরে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পেলেও দীর্ঘ সময় পার হলেও কাজ শুরু হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধু পটুয়াখালী-কুয়াকাটা অংশের আমতলী এলাকায় শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সর্বশেষ ১৪ এপ্রিল ট্রাকের চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ আরও তীব্র হয়।
এর প্রতিবাদে আমতলী উপজেলার সচেতন নাগরিকদের উদ্যোগে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল পয়েন্টে গণঅনশন শুরু হয়। এতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তবে দুই দিন পেরিয়ে গেলেও সরকারের কোনো দায়িত্বশীল প্রতিনিধি এসে দাবির প্রতি সংহতি জানাননি।
অনশনকারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
আমতলী একে স্কুলের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান ও নাশির মাহমুদ বলেন, ‘আর কত প্রাণহানি হলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে? প্রতিবছর অসংখ্য পরিবার স্বজন হারাচ্ছে, অথচ কার্যকর উদ্যোগ নেই।’
বরগুনা জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান মোমেন আকন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর প্রতিবাদে আমরা গণঅনশন শুরু করেছি। কিন্তু এখনো কোনো আশ্বাস পাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ‘গণঅনশনের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীকাল অনশনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করা হবে।’
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, ‘ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করা দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে।’
বাংলাদেশ সময়: ২০:২০:৩৬ ● ৩৮ বার পঠিত
