বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির অভিযোগে এক মুদি দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অভিযানকালে অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির অভিযোগে দোকানদার আব্দুর রশিদ আকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে এক আত্মীয়ের বাড়ির আঙিনা থেকে ৬০০ লিটার ডিজেল (তিন ব্যারেল) ও ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
পরে আব্দুর রশিদ আকন ৩০ হাজার টাকা জরিমানা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, ‘যে বা যাহারা জ্বালানি তেল মজুত রেখে সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সময়: ২২:৫১:৫৪ ● ২৪ বার পঠিত
