সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী

হোম » সর্বশেষ » কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন আশার আলোয় জীবনকে রাঙাতে কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকেলি উৎসব। তিন দিনব্যাপী এ আয়োজনে রাখাইন তরুণ-তরুণীদের পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবস্থল পরিণত হয়েছে মিলনমেলায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মহিলা মার্কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জয়ন্ত, উপপরিদর্শক সজল সাহা, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির ও কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জসিম পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উৎসবকে ঘিরে কুয়াকাটার রাখাইন পাড়ায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। সকাল থেকেই জলকেলিতে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় জমায় মানুষ। পার্শ্ববর্তী বরগুনা জেলা থেকেও রাখাইন সম্প্রদায়ের অনেকেই অংশ নিতে আসেন।

উৎসবস্থলে সাজানো নৌকায় পানি রেখে একে অপরের গায়ে ছিটিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। নাচ-গান আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কিশোর-কিশোরীরা দলবেঁধে জলকেলিতে মেতে উঠে নতুন বছরকে বরণ করে।

রাখাইন তরুণী মিয়াশু বলেন, ‘সাংগ্রাই আমাদের সবচেয়ে বড় উৎসব। আমরা বিশ্বাস করি, পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট এই পানির সঙ্গে মুছে যায়। নতুন বছরে আমরা নতুনভাবে শুরু করি।’

রাখাইন তরুণ উখিন সাগরকন্যাকে বলেন, ‘এই জলকেলির মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করি। এটি শুধু আনন্দের নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।’

ফরিদপুর থেকে আসা দর্শনার্থী মো. আইয়াল বলেন, ‘জীবনে প্রথমবার এমন উৎসব দেখলাম। খুবই উপভোগ করছি। সবাই একসঙ্গে আনন্দ করছে- এটা দারুণ অভিজ্ঞতা।’

বরগুনা থেকে আসা দর্শনার্থী রুবিনা আক্তার বলেন, ‘রাখাইনদের এই উৎসব সত্যিই ব্যতিক্রম। পানি ছিটিয়ে আনন্দ করার এই আয়োজন আমাদের মুগ্ধ করেছে।’

উৎসব চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিনই থাকবে জলকেলির পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রাখাইন পরিবারগুলোতে তৈরি করা হচ্ছে বিভিন্ন পিঠাপুলি, যা এ উৎসবের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও শক্তিশালী করে।’

বাংলাদেশ সময়: ২২:১১:২৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ