মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

হোম » পটুয়াখালী » মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর এলাকায় কথিত দাঁত ও চোখের ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, হারুন দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার একাধিক বিয়ে ও বিভিন্ন নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কের অভিযোগও উঠেছে। ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

তবে ছবিতে থাকা তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘আমরা আগে থেকেই সন্দেহ করতাম। সে ডাক্তার না হয়েও মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিতো। এখন বিষয়গুলো সামনে আসায় আমরা হতবাক।’

 

আরেক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা প্রতারিত হয়েছেন। ‘টাকা নিয়েছে, কিন্তু কোনো সঠিক চিকিৎসা দেয়নি। এখন তার আসল চেহারা বের হয়ে আসছে।’

 

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন এর আগেও ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে কারাভোগ করেছেন। জেল থেকে বের হয়ে আবারও একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

এছাড়া তার ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তিনিও ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

অভিযুক্ত হারুন বলেন, ‘ছবিটি আমার সাবেক স্ত্রী বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।’

 

মহিপুর থানার পরিদর্শক (ওসি) মহব্বত খান বলেন, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া সাংবাদিকদের বলেন, তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৫৪ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ