বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
পাথরঘাটায় মায়ের ‘পালিয়ে যাওয়া’তে মেয়ের মৃত্যু ঘিরে ধূম্রজাল
হোম » বরগুনা » পাথরঘাটায় মায়ের ‘পালিয়ে যাওয়া’তে মেয়ের মৃত্যু ঘিরে ধূম্রজাল
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় ১৫ বছর বয়সী কিশোরী মারিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দাফনের সময় তার মায়ের হঠাৎ স্থান ত্যাগের ঘটনায় পুরো এলাকায় রহস্য আরও ঘনীভূত হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। নিহত মারিয়া কালোমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত নাসির তালুকদারের মেয়ে। মা নাসিমা বেগমের সঙ্গে শহরের শাহু আলম মাস্টারের বাসায় ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় মারিয়া তার মাকে মোবাইলে টাকা রিচার্জ করতে দোকানে পাঠায়। এ সুযোগে ঘরের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মা বাসায় ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তবে মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করে নাসিমা বেগম দাবি করেন, রুহুল আমিন নামের এক যুবকের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলেও তিনি অভিযোগ করেন।
খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই লাশ পাথরঘাটায় এনে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
তবে দাফনের সময় কবরস্থানে হঠাৎ করেই মারিয়ার মা নাসিমা বেগম সবার অগোচরে স্থান ত্যাগ করেন। এরপর তাঁকে খুঁজে না পেয়ে লাশ আবার থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বুধবার (১৫ এপ্রিল) সকালে পুলিশ নাসিমা বেগমকে উদ্ধার করে পুনরায় কবরস্থানে এনে দাফন সম্পন্ন করে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়দের দাবি, মারিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বাংলাদেশ সময়: ৯:৫৬:৩৩ ● ২৫ বার পঠিত
