বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬

বাউফলে লঞ্চে শিশুকে রেখে নিখোঁজ ‘বাবা’

হোম » পটুয়াখালী » বাউফলে লঞ্চে শিশুকে রেখে নিখোঁজ ‘বাবা’
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

বাউফলে লঞ্চে শিশুকে রেখে নিখোঁজ ‘বাবা’

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী (বাউফল)

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি ডাবল ডেকার লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়েছিলেন। ঘটনাটি ঘিরে লঞ্চজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে যাত্রীদের সহায়তায় শিশুটিকে নিরাপদে রাখা হয় এবং তার পরিবারের সন্ধানে তৎপরতা চলছে।

 

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে।

 

লঞ্চের যাত্রী ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে লঞ্চটি কালাইয়া বন্দর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে সন্ধ্যায় ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এক ব্যক্তি কোলে কন্যাশিশু নিয়ে লঞ্চে ওঠেন। তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে যাত্রীদের সঙ্গে বসেন এবং সিটে অবস্থান নেন।

 

কিছু সময় পর তিনি যাত্রীদের বলেন, শিশুটির মা আসছেন- এ কথা বলে লঞ্চ থেকে নেমে যান। নামার আগে পাশের সিটে থাকা যাত্রীদের কাছে শিশুটির দেখভালের অনুরোধও করেন। কিন্তু লঞ্চ ধুলিয়া ঘাট ত্যাগ করার পরও শিশুটির মা কিংবা কোনো স্বজন না আসায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পরে যাত্রীরা লঞ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

 

লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন, ‘লোকটি বলেছিলেন শিশুটির মা আসছেন। এই বলে নেমে যান। যাওয়ার সময় আমাদের শিশুটির দিকে খেয়াল রাখতে বলেন। এরপর আর তিনি ফিরে আসেননি।’

 

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে দিয়েছি এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

এ বিষয়ে লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, ‘কেন বা কী কারণে ওই ব্যক্তি শিশুটিকে রেখে চলে গেছেন, তা জানা যায়নি। শিশুটি নিরাপদে রয়েছে। আমরা যাত্রীদের সহযোগিতায় তার পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

 

কালাইয়া বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আল মামুন বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ৬:৪৪:২৪ ● ২৫ বার পঠিত