ল্যাব টেস্টের নির্দেশ আমতলীতে ব্লক নির্মাণে সিমেন্ট মাখানো পাথর ব্যবহারের অভিযোগ

হোম » বরগুনা » ল্যাব টেস্টের নির্দেশ আমতলীতে ব্লক নির্মাণে সিমেন্ট মাখানো পাথর ব্যবহারের অভিযোগ
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


আমতলীতে ব্লক নির্মাণে সিমেন্ট মাখানো পাথর ব্যবহারের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনীতে পায়রা নদীর ভাঙন রোধে ২৫০ মিটার এলাকায় ব্লক নির্মাণকাজে ব্যবহৃত পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নদীতীর সংরক্ষণে নির্মাণাধীন ব্লকের জন্য সিলেট থেকে আনা প্রায় ১২ হাজার ঘনফুট পাথরের গায়ে আগের ব্যবহারের সিমেন্টের আস্তরণ রয়েছে। এ ঘটনায় ভালো মানের নতুন পাথর দিয়ে ব্লক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া এলাকার ২০ নম্বর প্যাকেজে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পায়রা নদীর ভয়াবহ ভাঙন রোধে বরগুনা পানি উন্নয়ন বোর্ড ৪৪/বি পোল্ডারে ৩ হাজার মিটার ব্লক নির্মাণের উদ্যোগ নেয়। এ কাজ ১৩টি প্যাকেজে ভাগ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। গত দুই বছরে কয়েকটি প্যাকেজের কাজ শেষ হয়েছে।

এর মধ্যে ২০ নম্বর প্যাকেজে ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার নদীতীর এলাকায় ব্লক নির্মাণের কাজ পায় অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানি লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, ওই প্যাকেজের কাজের জন্য গত ১৫ আগস্ট সিলেট থেকে জাহাজে করে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর আনা হয়। পরে সেগুলো আড়পাঙ্গাশিয়া এলাকায় ব্লক নির্মাণস্থলের পাশে স্তূপ করে রাখা হয়।

স্থানীয় রাকিবুল ইসলাম ও লুৎফর হোসেনের অভিযোগ, আনা পাথরগুলো আগে অন্য কাজে ব্যবহৃত হয়েছে। পাথরের গায়ে সিমেন্টের আস্তরণও রয়েছে। তাদের দাবি, এ ধরনের ব্যবহৃত পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হলে তা দীর্ঘস্থায়ী হবে না। তাই এসব পাথর সরিয়ে মানসম্মত নতুন পাথর দিয়ে ব্লক নির্মাণের দাবি জানান তারা।

শুক্রবার সরেজমিনে আড়পাঙ্গাশিয়া এলাকায় গিয়ে নদীর পাড়ে পাথরের স্তূপ দেখা যায়। কয়েকটি পাথরের গায়ে সিমেন্টের আস্তরণও দেখা গেছে। স্থানীয়দের দাবি, অন্য কাজে ব্যবহৃত এসব পাথরই ব্লক নির্মাণের জন্য এনে রাখা হয়েছে।

তবে অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ম্যানেজার মো. বদিরুজ্জামান বলেন, ‘এই পাথর পানি উন্নয়ন বোর্ড রিজেক্ট করে দিয়েছে।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. আশিকুর রহমান বলেন, ‘কোম্পানির লোকজন জাহাজ থেকে পাথর আনলোড করার ভিডিও আমাকে পাঠিয়েছেন। তবে পাথরগুলো কেমন, তা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানি গত দুই বছরে ২০ হাজার ব্লক নির্মাণ করেছে। এখনো অনেক ব্লক নির্মাণের কাজ বাকি রয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ‘ব্লক নির্মাণে ব্যবহারের জন্য পাথর আনার বিষয়টি জেনেছি। ওই পাথর ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় পাথরের গুণগত মান ঠিক না থাকলে ওই পাথর দিয়ে ব্লক নির্মাণ করতে দেওয়া হবে না।’

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১০ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ