বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগে দুই পক্ষের ভিন্ন বক্তব্য
হোম » লিড নিউজ » পটুয়াখালীতে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগে দুই পক্ষের ভিন্ন বক্তব্য

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী শহরের নিউমার্কেটে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতার বিরুদ্ধে। আহত খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানা সংলগ্ন জেলা পুলিশ ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। খোকন মল্লিক জানান, তিনি ওই মার্কেটে মুরগির ব্যবসা করেন। পয়লা বৈশাখ উদযাপনের কথা বলে বাবুল গাজী ও শামীমসহ কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি রাজি না হওয়ায় দুপুর ১২টার দিকে ১০ থেকে ১২ জন এসে তার দোকানে হামলা ও ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে। তার ভাষ্য, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করা হয়।
খোকনের অভিযোগ, এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে একই এলাকায় তার ওষুধের দোকানে হামলা চালানো হয় এবং বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচির নামে তার কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। নিরাপত্তার কারণে এতদিন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে বাবুল গাজী বলেন, খোকন মল্লিক মৃত মুরগি বিক্রি করেন- এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি উল্টো তাদের ওপর চড়াও হন, সেখান থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। শামীম বলেন, ইজারা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে, চাঁদা নেওয়ার অভিযোগ সঠিক নয়।
জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম শাহিন বলেন, ‘পহেলা বৈশাখের নামে চাঁদা আদায়ের কোনো কর্মসূচি দলের নেই।’ তিনি আরও বলেন, খোকন মল্লিকের বিরুদ্ধে মৃত মুরগি বিক্রি ও ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে, যা নিয়েও বিরোধের সৃষ্টি হতে পারে। বিষয়টি দলীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
পটুয়াখালী সদর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘উভয় পক্ষই পূর্ব পরিচিত। ইজারা সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে।’ তিনি জানান, আহত ব্যবসায়ী লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:১৬:০৪ ● ১২২ বার পঠিত
