উপকূলে দমকা হাওয়া-বৃষ্টির আভাস, তাপমাত্রা কিছুটা কমতে পারে

হোম » আবহাওয়া » উপকূলে দমকা হাওয়া-বৃষ্টির আভাস, তাপমাত্রা কিছুটা কমতে পারে
বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬


 

ইন্টারনেট থেকে সংগৃহীত প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক

আজ ১৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পরবর্তী দিনগুলোতে (১৬-১৮ এপ্রিল) খুলনা, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে দেশের অনেক এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সার্বিকভাবে আগামী কয়েক দিনে আবহাওয়ায় কিছুটা অস্থিরতা থাকলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ৯:৩০:১১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ