ভোলার বোরহানউদ্দিনে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

হোম পেজ » ভোলা » ভোলার বোরহানউদ্দিনে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

ভোলার বোরহানউদ্দিনে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

বসতঘর ও জমিজমা বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা হারানোর পর দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক যুবক। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে মো. ইউসুফ (২৮) দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন তিনি। একপর্যায়ে জুয়ার টাকা জোগাড় করতে নিজের দুটি বসতঘর বিক্রি করেন এবং বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন।

মো. ইউসুফ বলেন, ‘বন্ধুদের মাধ্যমে আমি এই খেলায় যুক্ত হয়েছিলাম। আজ সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা জুয়া খেলে তাদের শাস্তি না দিয়ে যারা এসব জুয়ার অ্যাপ পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে দেশে অনলাইন জুয়া সম্পূর্ণ বন্ধের দাবি জানাই।’

বাংলাদেশ সময়: ১৮:১৮:০০ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ