বৈশাখী শোভাযাত্রায় ঘোষণা: আজ থেকে সারা দেশে কৃষি কার্ড বিতরণ শুরু: প্রতিমন্ত্রী নুর

হোম পেজ » জাতীয় » বৈশাখী শোভাযাত্রায় ঘোষণা: আজ থেকে সারা দেশে কৃষি কার্ড বিতরণ শুরু: প্রতিমন্ত্রী নুর
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

বৈশাখী শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

আজ পহেলা বৈশাখ থেকেই সার, বীজ ও কৃষি উপকরণ সহজপ্রাপ্য করতে কৃষকদের মধ্যে ‘কৃষি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী শোভাযাত্রা উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ ও ওষুধসহ প্রয়োজনীয় কৃষি পণ্য পেতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর প্রধানমন্ত্রী কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বল্প সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। সবার সহযোগিতা থাকলে দেশের মানুষের আগামী দিনগুলো আরও স্বস্তিদায়ক হবে।

 

পরে তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামী দিনগুলো আনন্দময় ও সুন্দর হোক, দেশ এগিয়ে যাক এবং মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক।’

 

এদিন সকাল ৯টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামান (গলাচিপা-দশমিনা সার্কেল), উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

 

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়ন কাজ ও উপজেলা প্রশাসন পরিচালিত উপকূল পাঠাগারের উদ্বোধন করেন। পরে তিনি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৩৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ