সরকারের কাঁধে শেখ হাসিনার ‘ভূত’: মামুনুল হক

হোম পেজ » রাজনীতি » সরকারের কাঁধে শেখ হাসিনার ‘ভূত’: মামুনুল হক
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে অপমান করার অভিযোগ তুলে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেছেন, ‘সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে’। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইল এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোটের এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

মামুনুল হক বলেন, ‘বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে- এটি জনগণকে অপমান করার ভূত। গত ১৫ বছরের শাসনামল মূল্যায়ন করলে দেখা যায়, জনগণকে বারবার উপহাস ও অপমান করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা নতুন এক গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন- উন্নয়নের গণতন্ত্র, যেখানে জনগণের মতামতের প্রয়োজন নেই; বরং মেট্রোরেল ও পদ্মা সেতুর মাধ্যমে তা বাস্তবায়নের কথা বলা হয়েছিল।’

 

তিনি অভিযোগ করেন, সর্বশেষ সময়ে জনগণকে ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দেওয়া ছিল অপমানের একটি চরম দৃষ্টান্ত। একই সঙ্গে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের বিপরীতে সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাকে দাঁড় করানো হয়েছে এবং সংসদে দাঁড়িয়ে জনগণকে ‘মূর্খ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি বলেছেন, দেশের মানুষ না বুঝে ভোট দিয়েছে- এভাবে পুরো জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়েছে। এরপর নিজেকে মাস্টার হিসেবে উপস্থাপন করে জনগণ ও ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখানোর চেষ্টা করা হচ্ছে। এই দাম্ভিকতার একটি সীমা থাকা উচিত।’

 

তিনি আরও বলেন, ‘জনগণকে অপমান করার এই প্রবণতা নতুন নয়; এটি শেখ হাসিনার সময়ের ধারাবাহিকতা, যা এখনকার সরকারের মধ্যেও প্রতিফলিত হচ্ছে।’

বাংলাদেশ সময়: ২২:০১:১৩ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ