রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
পিরোজপুরে সীমান্ত খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
হোম » পিরোজপুর » পিরোজপুরে সীমান্ত খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়া ও ঝালকাঠির রাজাপুর উপজেলার সীমান্তবর্তী একটি খাল থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর মো. হৃদয় হাওলাদার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত হৃদয় ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী এলাকার মো. আলমগীর হোসেন হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নিজ ব্যবহৃত একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। এরপর দিনভর আর বাড়িতে ফিরে না আসায় সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
রাত আনুমানিক ১টার দিকে গৌরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতির হাট সংলগ্ন ভাণ্ডারিয়া-রাজাপুর সীমান্তবর্তী একটি ছোট খালে মাছ ধরার খুচইন জাল ভাসতে দেখে সন্দেহ হয় স্বজনদের। পরে খালে নেমে খোঁজ করলে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন তারা। উদ্ধার শেষে মরদেহটি স্বজনরা নিজ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে ঘটনাটি রাজাপুর থানার আওতাধীন হওয়ায় পরবর্তী ব্যবস্থা তারা নেবে। অন্যদিকে রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্য জেনে পরে জানাবেন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ২২:১৩:৩৭ ● ৬১ বার পঠিত
