শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬

আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল, সংস্কারে এলজিইডির উদাসীনতা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল, সংস্কারে এলজিইডির উদাসীনতা
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল, সংস্কারে এলজিইডির উদাসীনতা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বহাদুরপুর গ্রামের মধ্যপাড়া ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্রিজটির দুই পাশের রেলিং নেই এবং মাঝখানে ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফলে প্রতিদিন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বহাদুরপুর গ্রামের খালের ওপর প্রায় ২৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের ৮-১০ বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং মাঝখানের অংশ ভেঙে যায়। এরপর থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠের পাটাতন বসিয়ে ও বাঁশ দিয়ে সাময়িক মেরামত করে চলাচলের ব্যবস্থা করেছেন।

 

এই ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করে। মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

 

বিকল্প কোনো সড়ক না থাকায় জীবনের ঝুঁকি জেনেও এলাকাবাসীকে এই ব্রিজ ব্যবহার করতে হচ্ছে। ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

 

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ‘ব্রিজটির অবস্থা খুবই খারাপ। পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২০:১১:৩২ ● ১৯ বার পঠিত