শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
দুমকিতে মুগডাল আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনের সম্ভাবনা
হোম পেজ » লিড নিউজ » দুমকিতে মুগডাল আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনের সম্ভাবনা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি মৌসুমে মুগডালের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ ও কৃষকেরা। কম খরচে লাভজনক ফসল হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা ব্যাপকভাবে মুগডাল চাষে আগ্রহী হয়েছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া, শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নে চলতি মৌসুমে ৪ হাজার ১শ ৯০ হেক্টর জমিতে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে কৃষকের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে।
শ্রীরামপুর গ্রামের কৃষক মানিক মৃধা জানান, তিনি তিন একর জমিতে মুগডাল চাষ করেছেন। তার মতে কম খরচে ভালো ফলন পাওয়া যাওয়ায় এলাকার অধিকাংশ কৃষক এখন এ ফসলের দিকে ঝুঁকছেন। রাজাখালী গ্রামের কৃষক আঃ মজিদ হাওলাদার বলেন, আলু, মরিচ ও খেসারির পাশাপাশি এবার তিনি বেশি জমিতে মুগডাল চাষ করেছেন। কম খরচ ও শ্রমে বেশি লাভ হওয়ায় সবাই এ চাষে আগ্রহী হয়েছেন বলেও তিনি জানান।
স্থানীয় কৃষকেরা জানান, মুগডাল স্বল্প খরচে লাভজনক ফসল হওয়ায় দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় কম সেচ, কম সার ও কম পরিচর্যায় ভালো ফলন পাওয়া যায়। পাশাপাশি বাজারে চাহিদা ও মূল্য তুলনামূলক ভালো থাকায় এ ফসলের দিকে কৃষকের আগ্রহ আরও বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন সাগরকন্যাকে জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। অতিবৃষ্টি বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর মুগডালে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, যাতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন নিশ্চিত করা যায়।
কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হওয়ায় এ বছর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে কৃষকের আর্থিক লাভ বাড়ার পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণ ও জাতীয় পর্যায়ে ডাল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:০৩ ● ২১ বার পঠিত
