শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জে জব্দকৃত জাটকা বিতরণে দীর্ঘসূত্রতায় প্রশ্নের মুখে মৎস্য অধিদপ্তর

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে জব্দকৃত জাটকা বিতরণে দীর্ঘসূত্রতায় প্রশ্নের মুখে মৎস্য অধিদপ্তর
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে জব্দকৃত জাটকা বিতরণে দীর্ঘসূত্রতায় প্রশ্নের মুখে মৎস্য অধিদপ্তর

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ

বরিশালের মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা ও অবৈধ জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ পরিবহন ও মজুদের গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়। তবে জব্দকৃত মাছ বিতরণে দীর্ঘ সময় বিলম্ব হওয়ায় মৎস্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।

 

শুক্রবার ভোরে উপজেলার গজারিয়া নদীতে মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দুইটি ট্রলার থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। একই সঙ্গে নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাইজাল, নেটজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

তবে জব্দকৃত মাছ বিতরণ নিয়ে প্রায় ৯ ঘণ্টা ধরে কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় বলে অভিযোগ ওঠে। ভোরে জব্দের পর মাছ উপজেলা মৎস্য ভবনে আনা হলেও দীর্ঘ সময় কোনো বিতরণ কার্যক্রম শুরু হয়নি। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে শুক্রবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর সানির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে, প্রায় ৯ ঘণ্টা পর হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এসে কার্যক্রমে যুক্ত হন বলেও জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তার অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার কারণে পুরো অভিযানে সমন্বয়হীনতা দেখা দেয়। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তার ভূমিকা প্রশ্নবিদ্ধ।

 

অন্যদিকে সিনিয়র মৎস্য কর্মকর্তা আলম গণমাধ্যমকে জানান, তিনি (মোঃ ওমর সানি) সম্ভবত ছুটিতে ছিলেন এবং জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে হিজলা থেকে একজন কর্মকর্তা এসে কার্যক্রমে অংশ নেন। তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন বিলম্ব না হয় সে বিষয়ে সতর্কতা নেওয়া হবে। তবে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষই দেখবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৩৯ ● ১৯ বার পঠিত