শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারি আটক

হোম পেজ » খুলনা » ঝিকরগাছায় ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারি আটক
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

ঝিকরগাছায় ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা সহ মো. জিয়াউর রহমান (৫৫) নামের এক মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।

 

ডিবি যশোরের এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয়। এ সময় জিয়াউর রহমান পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের ঢালার ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

এছাড়া বসতবাড়ির শয়নকক্ষের বিভিন্ন স্থান থেকে জুতার বক্স ও ড্রয়ারে রাখা মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে ১৬ লাখ টাকা একটি জুতার বক্স থেকে এবং ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা ড্রয়ার থেকে পাওয়া যায়।

 

আটক মো. জিয়াউর রহমান ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের এ পি এলাকায় বসবাস করেন। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া এলাকার মৃত আদম আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

এ রিপোর্ট লেখার সময় আটক আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৫ ● ২৮ বার পঠিত