শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে হামের উপসর্গ বাড়ছে, ২৪ ঘণ্টায় লক্ষণ নিয়ে ভর্তি ১৪ শিশু
হোম পেজ » ঝালকাঠী » ঝালকাঠিতে হামের উপসর্গ বাড়ছে, ২৪ ঘণ্টায় লক্ষণ নিয়ে ভর্তি ১৪ শিশু

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠিতে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪ জন শিশু সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। একই সময়ে জেলায় এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৮ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
কার্যালয়ের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত ২ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা এখনো রেকর্ড হয়নি।
উপজেলাভিত্তিক হিসাবে নতুন শনাক্ত শিশুদের মধ্যে নলছিটি উপজেলায় সর্বোচ্চ ১১ জন রয়েছে। এছাড়া সদর উপজেলায় ১ জন এবং কাঁঠালিয়া উপজেলায় ২ জন শনাক্ত হয়েছে। রাজাপুর উপজেলায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। একই সময়ে ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ জন। তবে ভর্তি রোগীদের বয়সভিত্তিক কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মেহেদী হাসান সানি বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুত রয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।’
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা জরুরি। তিনি শিশুদের টিকাদান নিশ্চিত করা, অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ গত ৫ এপ্রিল দেশব্যাপী ১৮টি জেলা ও ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করে। এর অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই দিন কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৬ দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০৫:২৯ ● ২৯ বার পঠিত
