সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের তালা, অপসারণের দাবি
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের তালা, অপসারণের দাবি![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে তাঁর কক্ষে তালা দিয়েছেন একই কলেজের শিক্ষকরা। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মব সৃষ্টি করে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং পরিপত্র উপেক্ষা করে ২০২৫ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেন, যা অপ্রত্যাশিত। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ্ জানান, শিক্ষকতার জ্যেষ্ঠতার তালিকায় তিনি সপ্তম হলেও জোরপূর্বক চাপ সৃষ্টি করে দায়িত্ব নিয়েছেন। এছাড়া ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনকালে অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও রয়েছে।
অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষকরা জোরপূর্বক অন্যায়ভাবে তাঁকে কক্ষ থেকে বের করে দিয়েছেন। কনিষ্ঠ শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের কোনো দাবি নেই মর্মে লিখিত দিয়েছেন। পরে কলেজ পরিচালনা পর্ষদ তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেয়।
এদিকে, অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া ও নিয়মনীতির তোয়াক্কা না করে দায়িত্ব গ্রহণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, এমন পরিস্থিতিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫২:৩৩ ● ২৭ বার পঠিত
