শনিবার ● ৪ এপ্রিল ২০২৬

পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবি

হোম পেজ » বরগুনা » পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবি
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


 

পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের দেড়শ বছরের পুরনো একটি পুকুর খননের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ভরাট হয়ে যাওয়া এ পুকুরটি পুনঃখনন না হওয়ায় প্রায় দেড় হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

 

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে শতাধিক নারী-পুরুষ কলসি নিয়ে পুকুরপাড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, কালিবাড়ি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন। শুষ্ক মৌসুমে এলাকার প্রায় সব পুকুরই শুকিয়ে যায়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। একমাত্র এই পুরনো পুকুরটিও বর্তমানে ভরাট হয়ে অচল অবস্থায় রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা সমির কুলু ও শৈলেন মাঝি সাগরকন্যাকে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানির সংকট চলছে। পুকুরটি খননের জন্য বারবার উদ্যোগ নেওয়া হলেও কোনো সরকারি সংস্থা এগিয়ে আসছে না।

 

আরেক বাসিন্দা নুপুর রানী ও কাকলি রানী বলেন, গৃহস্থালির কাজে প্রতিদিনই এই পুকুরের পানি ব্যবহার করতে হয়। তবে পানি এখন কালচে ও লালচে হয়ে গেছে। স্বাস্থ্যসম্মত কি না তা জানা নেই, তবু বিকল্প নেই।

 

ইউপি সদস্য জসিম তালুকদার বলেন, পুকুরটি খনন এবং একটি পানি ফিল্টার স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কারণে সুপেয় পানির সংকট বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পুকুর খনন, সংরক্ষণ ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ চালিত পানি সরবরাহ ব্যবস্থার মতো উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি জানান, স্থানীয়দের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১১ ● ২৬ বার পঠিত