শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
নাজিরপুরে ক্লাস চলাকালে পাখা ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত
হোম পেজ » লিড নিউজ » নাজিরপুরে ক্লাস চলাকালে পাখা ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার (১১) ও রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)। গুরুতর আহত অবস্থায় তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাবেয়া খাতুনকে ভর্তি করা হয়। অপরদিকে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সৌভিক সমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ছাত্রী রাবেয়া খাতুন জানায়, তারা প্রায় ২৫ জন শিক্ষার্থী পরিত্যক্ত ভবনের একটি কক্ষে গণিত ক্লাস করছিল। এ সময় হঠাৎ চলন্ত একটি বৈদ্যুতিক পাখা খুলে সৌভিকের মাথার ওপর পড়ে এবং পাখার একটি অংশ তার মাথার ওপর পড়ে। এতে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। আরও কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হলেও গুরুতর নয়।
শ্রেণিকক্ষে পাঠদানরত সহকারী শিক্ষিকা রিক্তা মণ্ডল বলেন, ‘আমি শিক্ষার্থীদের অঙ্ক করতে দিয়ে বসে ছিলাম। হঠাৎ শব্দ শুনে তাকিয়ে দেখি পাখা খুলে শিক্ষার্থীদের ওপর পড়ে গেছে। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মণ্ডল জানান, ‘ওই ভবনটি পুরোনো হলেও শিক্ষার্থী বেশি হওয়ায় সেখানে ক্লাস নিতে হচ্ছিল। আমি তখন লাইব্রেরিতে মিটিংয়ে ছিলাম। খবর পেয়ে দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার সাগরকন্যাকে জানান, ‘দুই শিক্ষার্থীকে আনা হয়। তাদের মধ্যে এক শিশুর মাথায় গুরুতর আঘাত রয়েছে, অন্যজনের কানের পাশে কেটে গেছে। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা খুলনায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, ‘ঘটনার কথা শুনেছি। একজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছে, অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থাও আশঙ্কামুক্ত বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৮:১৬:৩০ ● ২৭ বার পঠিত
