শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬

তালতলীতে জমি বিরোধে নারীকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

হোম পেজ » বরগুনা » তালতলীতে জমি বিরোধে নারীকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

জমি নিয়ে বিরোধের জেরে বরগুনার তালতলী উপজেলার সোবাহানপাড়া গ্রামে কুলসুম বেগম নামে এক নারীকে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

 

জানা গেছে, ২০১৩ সালে কুলসুম বেগমের মা সুফিয়া বেগম ১০ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে কুলসুম ও তার দুই ভাই বসবাস করে আসছেন। গত এক বছর ধরে কুলসুমের মামা খলিলুর রহমান মৃধা জমিটি নিজের দাবি করে দখলের চেষ্টা করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই জমিতে কাজ শুরু করলে কুলসুম বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান মৃধা ও তার ছেলে রেজাউল মৃধা কুলসুমকে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়।

 

আহত কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করতেই তারা আমাকে পিটিয়ে গুরুতর জখম করেছে। তাদের মারধরে আমার ডান হাত ভেঙে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

 

তবে খলিলুর রহমান মৃধা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উল্টো আমাকে মারধর করা হয়েছে।’ কুলসুমের হাত ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘সে আগের দিন পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে।’

 

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম জানান, ‘ওই নারী থানায় এসেছিলেন। তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১১ ● ২৬ বার পঠিত