বুধবার ● ১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে ‘লাকি কূপন’-এর আড়ালে জুয়ার অভিযোগ, জনরোষে ড্র বন্ধ
হোম পেজ » খুলনা » বাগেরহাটে ‘লাকি কূপন’-এর আড়ালে জুয়ার অভিযোগ, জনরোষে ড্র বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ‘লাকি কূপন’ বা র্যাফেল ড্র’র নামে জুয়ার অভিযোগে বাগেরহাটের মোংলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে; জনরোষের মুখে শেষ পর্যন্ত ড্র কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে ১৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয় সোমবার রাতে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্কাস, যাত্রাপালা ও হাউজি খেলার পাশাপাশি ‘লাকি কূপন’-এর নামে লটারির আয়োজন করা হয়। তবে এ ধরনের লটারি পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমতি ছিল না বলে অভিযোগ রয়েছে।
মেলা শুরুর পরদিন মঙ্গলবার সকাল থেকে ২০ টাকা মূল্যের কূপন বিক্রি শুরু হয়। আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে মোংলা ও আশপাশের এলাকায় অটোভ্যানসহ বিভিন্ন মাধ্যমে কয়েক হাজার টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
লটারি ড্র শুরু হলে উপস্থিতদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করে এ অবৈধ কার্যক্রম চালানো হচ্ছিল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোংলা উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ কাশেম নেতা-কর্মীদের নিয়ে মঞ্চে উঠে মাইক হাতে এ আয়োজনের তীব্র নিন্দা জানান এবং তা বন্ধের দাবি তোলেন। তার আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত জনতাও প্রতিবাদে সোচ্চার হন।
একপর্যায়ে জনতার তোপের মুখে পড়ে আয়োজকরা লটারি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন। এতে এলাকায় স্বস্তি ফিরে আসে।
স্থানীয় সচেতন মহল বলছে, স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়; ভবিষ্যতে এ ধরনের আয়োজনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪৯ ● ২৭ বার পঠিত
