বাউফলে ৯৯৯ কলের পর দুই বোনকে উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে ৯৯৯ কলের পর দুই বোনকে উদ্ধার
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

বাউফলে ৯৯৯ কলের পর দুই বোনকে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই বোনকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাদের ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশের সহায়তায় আহত দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, কনকদিয়া ইউনিয়নের আবদুর রহিম হাওলাদারের মৃত্যুর পর তার দুই ছেলে সোহেল ও রাসেল এবং দুই মেয়ে শারমিন শিলা (৩২) ও আরমিন ইলা (৩০)-এর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য শনিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠকের আয়োজন করা হয়।

 

অভিযোগ রয়েছে, ছোট ভাই রাসেল ওই বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের ভয়ভীতি দেখান। এ নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে রাসেলের নেতৃত্বে ৪-৫ জন লাঠিসোটা নিয়ে দুই বোনের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্বজনরা ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাসেল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

 

বাউফল থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৫ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ