মোংলায় যমুনা অয়েল ডিপোতে তেলের মজুদের গড়মিল, ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

হোম পেজ » খুলনা » মোংলায় যমুনা অয়েল ডিপোতে তেলের মজুদের গড়মিল, ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

মোংলায় যমুনা অয়েল ডিপোতে তেলের মজুদের গড়মিল, ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

মোংলায় যমুনা অয়েল কোম্পানির ডিপোতে জ্বালানি তেলের মজুদে গড়মিলের অভিযোগে যৌথ অভিযানের পর ব্যবস্থাপক (অপারেশন) মো. আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযানে তিনটি ট্যাংকে মোট ১২ হাজার ৬১৩ লিটার তেলের হিসাবের গড়মিল পাওয়া যায়, যার মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

 

রবিবার (২৯ মার্চ) রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এ যৌথ অভিযান পরিচালিত হয়। পরে তিনটি ট্যাংকের তেল সরেজমিনে পরিমাপ করে নথিপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পরিমাপে দেখা যায় একাধিক ট্যাংকে হিসাবের সঙ্গে বাস্তব মজুদের অসংগতি রয়েছে। ১ নম্বর ট্যাংকে ৯৩২ লিটার বেশি, ৯ নম্বর ট্যাংকে ১২ হাজার ৮১৮ লিটার বেশি এবং ১৪ নম্বর ট্যাংকে ১ হাজার ১৩৭ লিটার কম পাওয়া যায়। সব মিলিয়ে মোট গড়মিল দাঁড়ায় ১২ হাজার ৬১৩ লিটার।

 

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, বিষয়টি নিয়ে প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

 

এদিকে কোম্পানির দায়িত্বশীল দুই কর্মকর্তা সাগরকন্যাকে জানান, প্রাথমিকভাবে হিসাব গড়মিলের সত্যতা পাওয়ায় ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা ডিপো থেকে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে মো. আল আমিন খানের দপ্তরে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ