নেছারাবাদে ১৬৯ বিদ্যালয়ে স্কুল ফিডিং শুরু, ১৬ হাজার ৯৭১ শিক্ষার্থী পাচ্ছে পুষ্টিকর খাদ্য

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ১৬৯ বিদ্যালয়ে স্কুল ফিডিং শুরু, ১৬ হাজার ৯৭১ শিক্ষার্থী পাচ্ছে পুষ্টিকর খাদ্য
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

নেছারাবাদে ১৬৯ বিদ্যালয়ে স্কুল ফিডিং শুরু, ১৬ হাজার ৯৭১ শিক্ষার্থী পাচ্ছে পুষ্টিকর খাদ্য

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

রবিবার (২৯ মার্চ) সকালে ২১নং স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহম্মেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমা রানী হালদার।

 

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার জসিম আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত খাদ্যের মান ও পরিমাণ যথাযথভাবে বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

কর্মসূচিটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচদিন নির্ধারিত খাদ্য তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে- রবিবার ও বুধবার বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার ফোর্টিফাইড বিস্কুট ও মৌসুমী ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম।

 

উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার ১৬ হাজার ৯৭১ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিক ও সুষ্ঠু বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৭ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ