
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস. এম. আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রধান কার্যালয় (ভোলা)-এর জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই, সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি, কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্র দে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
সরকারের আর্থিক সহায়তায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। কাউখালী উপজেলায় ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে।
বক্তারা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় দেশের দারিদ্র্যপীড়িত এলাকায় নতুন এই স্কুল ফিডিং কর্মসূচি ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে। এতে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া কমানো, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, দেশের দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার ১৬৫টি উপজেলার প্রায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে।
সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার নির্ধারণ করা হয়েছে- ফোর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ। এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে।