শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৪৩ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

হোম পেজ » খুলনা » মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৪৩ জনের ছানি অপারেশনের ব্যবস্থা
শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬


 

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৪৩ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

উপকূলীয় জনপদ মোংলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা পান।

 

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার কুমারখালিতে মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে ১০ সদস্যের চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ বিনামূল্যে প্রদান করা হয়।

 

পরীক্ষা শেষে ৪৩ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাটে দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন শেষে পুনরায় মোংলায় পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

এ বিষয়ে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম জানান, সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪৫ ● ২৫ বার পঠিত