বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
তিনদিনের ধর্মীয় আয়োজন শুরু মৃত্যুর ৯৯ দিন পর অন্ত্যেষ্টিক্রিয়ায় কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঢল
হোম পেজ » লিড নিউজ » তিনদিনের ধর্মীয় আয়োজন শুরু মৃত্যুর ৯৯ দিন পর অন্ত্যেষ্টিক্রিয়ায় কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঢল

এ.এম. মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
মৃত্যুর ৯৯ দিন পর পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরে (৮৭)-এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শুরু হয়েছে, যেখানে তিনদিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেশজুড়ে রাখাইন সম্প্রদায়ের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বৌদ্ধ বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো রাখাইন নারী-পুরুষের আগমন ঘটেছে। বিহার সংলগ্ন এলাকায় বসেছে অস্থায়ী দোকানপাট, আর দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে ভিড় করছেন স্থানীয়রাও।
বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। জীবদ্দশায় তিনি টানা ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর বিশেষ ব্যবস্থায় তার মরদেহ ৯৯ দিন ধরে বিহারে সংরক্ষণ করা হয়।
তিনদিনের এ আয়োজনে অন্তিম রথযাত্রা, শবদেহ পালঙ্ক দোলনা হস্তান্তর, শান্তিরকুঠি দান, ভিক্ষু সংঘের পিণ্ডদান, ছন্দোগুণ পাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে শনিবার (২৮ মার্চ) বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, ‘দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় রাখাইন সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রথম দিনের পর্ব শেষ হয়েছে এবং হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান শেষ করতে পারবো বলে আশা করছি।’
বাংলাদেশ সময়: ২২:০৮:৫৬ ● ২৩ বার পঠিত
