মির্জাগঞ্জে ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

হোম পেজ » পর্যটন » মির্জাগঞ্জে ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


মির্জাগঞ্জে ঈদে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে বিভিন্ন বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন।

ঈদের দিন থেকেই উপজেলার বিভিন্ন বিনোদনস্থলে মানুষের সমাগম বাড়তে থাকে। দীর্ঘ ছুটির কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই গ্রামের বাড়িতে এসে পরিবার নিয়ে ঘুরতে বের হন। এতে বিনোদনকেন্দ্রগুলো হয়ে ওঠে প্রাণচঞ্চল ও মুখরিত।

উপজেলার অন্যতম বিনোদনকেন্দ্র আশ্রাফ গ্রীন পার্ক ছাড়াও মির্জাগঞ্জ মাজার শরীফ এলাকা, শ্রীমন্ত নদীর ওপর হযরত ইয়ার উদ্দীন খলিফা (রঃ) সেতু, গোলখালী চর, কাকড়াবুনিয়া ও ভয়াং লঞ্চঘাট এলাকা এবং মনোহরখালী পায়রাকুঞ্জ এলাকায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন সকাল থেকেই দিনভর এসব স্থানে ছিল মানুষের ঢল।

আশ্রাফ গ্রীন পার্কে গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থী পার্কে অবস্থান করছেন। শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিনি ট্রেন, মেরি-গো-রাউন্ড ও ওয়ান্ডার হুইলের মতো রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার অনেকে আড্ডা ও গল্পগুজবে মেতে উঠেছেন।

পার্কের স্বত্বাধিকারী আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার জানান, ‘ঈদের দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় রয়েছে। তবে বৃষ্টির কারণে কিছুটা কমেছে। ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও জানান, ছুটির দিনে পার্ক সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এবং অন্যান্য দিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকে।

বাংলাদেশ সময়: ১৯:২০:২৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ