বুধবার ● ২৫ মার্চ ২০২৬
বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিহত ২
হোম পেজ » লিড নিউজ » বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিহত ২

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে এবং নাছির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। তারা উভয়েই পেশায় শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙাবালী থেকে কয়েকজন তরমুজ চাষী তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। একই সময়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারায় তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
স্থানীয়দের ধারণা, নদীতে ঘন কুয়াশার কারণে ট্রলারটি লঞ্চের গতিপথ বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:৫৯:১৩ ● ৩০ বার পঠিত
