শনিবার ● ২১ মার্চ ২০২৬
কলাপাড়ায় টানা বৃষ্টিতেও ঈদের আনন্দ, চার শতাধিক মসজিদে জামাত
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় টানা বৃষ্টিতেও ঈদের আনন্দ, চার শতাধিক মসজিদে জামাত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
টানা বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটলেও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের চার শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাত অনুষ্ঠিত হয় কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে। দেড় সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
নামাজের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, সকল মানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে সরকারের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন। কেউ সমাজে বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তার দায়-দায়িত্ব দল বা সরকার নেবে না। আগামি প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ ও সুন্দর কলাপাড়া গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গদোষ থেকে দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঈদের জামাতে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে বড় জামে মসজিদ ছাড়াও পৌরশহরের আরও ২৮টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অধিকাংশ জামাত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরো কলাপাড়া জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা টানা বৃষ্টিতেও থামেনি।
বাংলাদেশ সময়: ২১:৪৬:৩৪ ● ২৪ বার পঠিত
