শনিবার ● ২১ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ঈদের পোশাকের প্রলোভনে শিশু অপহরণ, পটুয়াখালী থেকে গ্রেপ্তার ১
হোম পেজ » লিড নিউজ » নারায়ণগঞ্জে ঈদের পোশাকের প্রলোভনে শিশু অপহরণ, পটুয়াখালী থেকে গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে ঈদের পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়; পরে পটুয়াখালী থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং ঢাকার শ্যামপুর থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে বন্দরে মোহাম্মদ হোসেন নামের ওই শিশুকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে ১৫ হাজার টাকা দেওয়ার পর অপহরণকারী আলী হোসেন শিশুটিকে রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাসায় তালাবদ্ধ রেখে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালী চলে যায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও বিকাশে নেওয়া টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।
বাংলাদেশ সময়: ২১:১১:৫৯ ● ২৯ বার পঠিত
