বুধবার ● ১৮ মার্চ ২০২৬

কুয়াকাটা-মহিপুরে জ্বালানি তেলের সংকট, বিপাকে জেলেরা

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটা-মহিপুরে জ্বালানি তেলের সংকট, বিপাকে জেলেরা
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

এভাবেই শত শত মাছধরা ট্রলার মহিপুর-আলীপুর ঘাটে নোঙর করে আছে।

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা-মহিপুর এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল সীমিত পরিমাণে মিললেও ডিজেল ও অকটেনের ঘাটতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গভীর সমুদ্রগামী মাছধরা ট্রলার নিয়ে মৎস্যজীবীরা; শত শত ট্রলার মহিপুর-আলীপুর ঘাটে নোঙর করে আছে।

 

সরেজমিনে দেখা গেছে, গ্রামাঞ্চলের অনেক খুচরা ব্যবসায়ী তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে মোটরসাইকেল চালক থেকে শুরু করে বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চচালকরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে মহিপুর-আলীপুর মৎস্য বন্দরের জেলেরা তেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না। সরকারি মূল্যে জ্বালানি না পাওয়ায় মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে আছে শত শত ট্রলার। স্থানীয় বিক্রেতাদের সূত্রে জানা গেছে, মহিপুর-আলীপুর এলাকায় সাপ্তাহিক প্রায় ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র ৭৫ হাজার লিটার।

 

মহিপুর গাজী ফিশের স্বত্বাধিকারী মো. মজনু গাজী বলেন, ডিজেল সংকটে সাগরে যেতে পারছে না শত শত মাছধরা ট্রলার। প্রয়োজনের পাঁচ ভাগের এক ভাগ জ্বালানিও মিলছে না। ঈদ সামনে রেখে মৎস্যজীবীরা চরম বিপাকে পড়েছেন।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তেল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩৩ ● ২৫ বার পঠিত